বাঘাইছড়ি প্রতিনিধি ॥
বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা মাঝিপাড়ায় সীমান্ত সড়ক তৈরিতে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারের মাঝে ৩য় ধাপে নগদ ৬ লাখ ৭৮ হাজার ৪০০ টাকা হস্তান্তর করা হয়েছে। শনিবার সকালে কচুছড়ি বিজিবি ক্যাম্পের হেলিপ্যাডে ক্ষতিপূরণের এসব টাকা হস্তান্তর করেন সেনাবাহিনীর ২০ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন(ইসিবি)র প্রকল্প কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ আবু সালেহ। এসময় ২০ ইসিবির সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ শাহিনুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপযুক্ত ক্ষতিপূরণের টাকা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাই স্থানীয় ইউপি সদস্য প্রিয় বিকাশ চাকমা।
২০ ইসিবির ক্যাপ্টেন মোহাম্মদ সালেহ বলেন, এই সড়কটি বর্তমান সরকারের একটি অগ্রাধিকারভিত্তিক প্রকল্প। এই সড়কটির কাজ শেষ হলে স্থানীয়দের জীবনমান ও অর্থনৈতিক অবস্থা বদলে যাবে। তাই সড়ক তৈরির শুরু থেকে আপনারা যেভাবে সহযোগিতা করেছেন আমরা আপনাদের নিকট কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আশাকরি সড়কের কাজ শেষ অবধি সকলেই পাশে থাকবেন।
তিনি আরো জানান, তৃতীয় ধাপে ৬ লাখ ৬৮ হাজার ৪০০ টাকা সহ তিন ধাপে ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবারের মাঝে মোট ২৪ লাখ ৭০ হাজার ৮৭০ টাকা প্রদান করা হয়েছে।
