ইয়াছিনুল হাকিম চৌধুরী, বান্দরবান ॥
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে শান্তি চুক্তির দুই যুগ পূর্তি উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজার মাঠে এসে সমবেত হয়। বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় পার্বত্য এলাকার ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায় ও বাঙালিরা মিলে বর্ণিল পোষাক ও ব্যানার এবং ফেস্টুন হাতে নিয়ে অংশগ্রহণ করে।
পরে রাজার মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক (এনডিসি, এএফডবি¬উসি, পিএসসি), জোন কমান্ডার লেঃ কর্নেল আখতার উস সামাদ রাফি, (বিএসপি, পিএসসি), পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, পুলিশ সুপার জেরিন আখতার, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো.আব্দুল্লাহ আল মামুন, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা জুড়িমংসহ সরকারি বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে পাঁচশত গরীব ও অসহায় ব্যক্তিকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এদিকে শান্তিচুক্তির ২৪তম বর্ষপূর্তি উপলক্ষে বান্দরবানে দিনব্যাপী আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভার পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রীতি ফুটবল ম্যাচ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করেছে সেনাবাহিনী।
