কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বৃহস্পতিবার উদযাপিত হলো মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা সদর শেখ রাসেল মিনি স্টেডিয়াম এ মনোজ্ঞ কুচকাওয়াজ, ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগিতা এবং মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কুচকাওয়াজ এ সালাম গ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের সভাপতিত্বে এসময় কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হোসেন চৌধুরী, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. নাসির উদ্দিন, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, কর্ণফুলি সরকারি কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরীসহ সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, আ.লীগ এবং এর অঙ্গসংগঠন এর নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, পেশাজীবিসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে মুক্তিযোদ্ধা সংবর্ধনা, কুচকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে সকাল সাড়ে ৭ টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে নানা শ্রেণী পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটি স্মরণ করেন। এদিকে দিবসটি উপলক্ষে কাপ্তাই উপজেলা আ.লীগ এবং এর অঙ্গসংগঠনসমুহের উদ্যোগে উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিলসহ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
