রাঙামাটির বরকল উপজেলা সদর ছাড়া আশেপাশের অন্যান্য গ্রাম গুলোতে কোন বিদ্যুৎ সংযোগ নেই। সদরের আশে পাশের বিদ্যুৎ বিহীন গ্রাম গুলোকে বিদ্যুৎতের আওতায় আনার জন্য লিখিত ভাবে দাবী জানিয়েছেন গ্রামবাসী।
উপজেলা সদরের আশে পাশের বিদ্যুৎ বিহীন গ্রাম গুলো হচ্ছে- সাক্রাছড়ি অড়াছড়ি, আইমাছড়া জগন্নাথছড়া চাইল্যাতুলি,কলেজ পাড়া ভুদোছড়া মরাউজ্জ্যাংছড়ি লুদিবাঁশছড়া গরগুরিছড়া ডাকভাঙ্গা দেওয়ানচর ও পূর্বকদম তুলি গ্রাম।
এসব বিদ্যুৎ বিহীন গ্রামগুলোকে বিদ্যুতের আওতায় আনার জন্য গত ৭ অক্টোবর তিন পার্বত্য জেলা বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালকের বরাবরে গ্রামবাসীর পক্ষে লিখিত দাবি জানিয়েছেন বরকল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা।
২০১৫ সালের ৩ ডিসেম্বর বরকল উপজেলা সদরের ১১কেভি বিদ্যুৎ সংযোগ লাইন উদ্ভোধন করেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। উদ্বোধনের সময় প্রতিমন্ত্রীরা বলেছেন বরকল উপজেলার বিভিন্ন গ্রামে পর্যায়ক্রমে বিদ্যুৎ লাইন সংযোগ দেয়া হবে।
তার ধারাবাহিকতায় বরকল উপজেলা সদরের আশে পাশের বিদ্যুৎ বিহীন গ্রাম গুলোকে বিদ্যুতের আওতায় আনা হলে এই গ্রামের মানুষদের জীবন ধারায় যেমনি পরিবর্তন আসবে তেমনি সরকারে ঘরে ঘরে বিদ্যূৎ সংযোগ দেয়া এ উদ্যোগটির সফলতা ফিরে পাবে বলে মনে করছেন স্থানীয়রা।
বিদ্যুৎ বিহীন গ্রাম গুলোকে বিদ্যুতের আওতায় আনার ব্যাপারে জানতে চাইলে তিন পার্বত্য জেলা বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের সহকারী প্রকৌশলী মোঃ নুরুল আলম জানান, লিখিত আবেদন পত্রটি প্রকল্প পরিচালকের কার্যালয় হয়ে ঘুরে এসে তার হাতে এসেছে। তিনি প্রকল্পে অর্ন্তভুক্ত করে ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।