নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাই উপজেলার রিজার্ভমুখ এলাকায় বন্দকযুদ্ধে নিখিল দাশ নামে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ‘সহযোগি’ বলে জানিয়েছে পুলিশ। তার লাশ উদ্ধার করে কাপ্তাই থানায় আনা হয়েছে বলেও নিশ্চিত করেছেন কাপ্তাই থানার ওসি মোঃ জসিমউদ্দিন। সে একই এলাকার মৃদুল দাশের পুত্র বলেও জানিয়েছে পুলিশ।
ওসি জানিয়েছেন, বৃহস্পতিবার বিকালের পর কাপ্তাই রিজার্ভমুখ এলাকায় টহলরত নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালালে নিরাপত্তাবাহিনীও পাল্টা গুলি চালায়। এসময় ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে একজনের মৃতদেহ পাওয়া যায়। তার নাম জানা যায়,নিখিল দাশ,তার পিতার নাম মৃদুল দাশ, সে জনসংহতি সমিতির সহযোগি হিসেবে কাজ করত বলে জেনেছি। তার বাড়িও একই এলাকায়।
চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী জানিয়েছেন, ওই এলাকা থেকে প্রচুর গুলির শব্দ শোনার কথা জানিয়েছিলেন স্থানীয়রা। পরে জেনেছি একজন মারা গেছে। এর বেশি কিছু জানিনা।’
এই বিষয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কোন ভাষ্য জানতে পারেনি পাহাড়টোয়েন্টিফোর ডট কম।
