শুভ্র মিশু
কাপ্তাই হ্রদে পানি পর্যাপ্ত না বাড়ায় মাছ ধরার উপর দ্বিতীয় দফায় আরো ১০দিন নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। প্রতিবছরের ন্যায় প্রথাগত নিয়মে ৩১ জুলাই পর্যন্ত তিন মাসের জন্য কাপ্তাই হ্রদে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকার কথা থাকলেও, বৃষ্টি কম হওয়ায় হ্রদের পানির পরিমাণ কম থাকায় ১০ আগস্ট পর্যন্ত সে নিষেধাজ্ঞা বাড়ানো হয়। কিন্তু হ্রদের পানি তারপরও পরিমাণ মত না হওয়ায় দ্বিতীয় দফায় আবারো ১০দিন বাড়লো সে নিষেধাজ্ঞা।
সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিএফডিসি রাঙামাটির ব্যবস্থাপক নৌ কমান্ডার তৌহিদুল ইসলাম।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মৎস গবেষণা ইন্সটিটিউট, মৎস অফিস, নৌ-পুলিশ, বিএফডিসি, মৎস ব্যবসায়ীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিএফডিসি রাঙামাটির ব্যবস্থাপক নৌ কমান্ডার তৌহিদুল ইসলাম জানিয়েছেন, হ্রদের পানি ১০০ এমএসএল উপরে থাকার কথা থাকলেও বর্তমানে আছে ৮৮ এমএসএল। এই সময় নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে হ্রদের সব পোনা ও ছোট মাছ জেলেদের জালে ধরা পড়বে, মাছের স্বাভাবিক বৃদ্ধি হবে না,যা কোন ভাবে কাম্য নই। যার কারণে আপাতত ২০আগষ্ট পর্যন্ত নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ল ,তবে সেটা নির্ভর করছে পানি কি রকম বাড়ছে তার উপর। যদি পানি ১০০ এমএলএস উপরে হয় তবে ২০ আগস্ট মধ্যরাতের পর মাছ ধরা শুরু হবে। যদি তা না হয়, তবে আমরা তৃতীয় দফায় আরো ১০দিন নিষেধাজ্ঞা বাড়ানো হবে সভার মাধ্যমে।
