বান্দরবানের মিয়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি থেকে বিপুল ইয়াবা উদ্ধার করেছে ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ান (বিজিবি)। শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের ফুলতলী সীমান্ত থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় বিজিবি তাৎক্ষণিক কাউকে আটক করতে না পারলেও জড়িত মাদকপাচারকারী চক্রকে চিহ্নিত করার মাধ্যমে আইনী কার্যক্রম হাতে নিয়েছে বিজিবি।
বিজিবি ও স্থানীয়রা জানায়, মিয়ানমার সীমান্ত পার হয়ে ইয়াবার একটি চালান পাচার করবে মাদককারবারী চক্র এমন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে ১১বিজিবির ফুলতলী বিওপির একটি টহলদল। ইয়াবা পাচারে জড়িত মাদক কারবারীদের সনাক্ত করার চেষ্টা চলছে। এই ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা করা হবে।
অভিযান দলটি ফুলতলী বিওপির পশ্চিমদিকে কড়ই বাগান এলাকায় পৌঁছুলে মাদককারবারীরা দ্রæত পালিয়ে জঙ্গলে গা ঢাকা দেয়। পরে ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির নিয়ন্ত্রিত ফুলতলী বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার ইব্রাহিম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি অধিনায়ক লে.কর্নেল শাহ আবদুল আজিজ আহমেদ জানান, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। এই অবস্থায় বিজিবি তাদের কর্তব্য পালনে অটুট। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
