নিজস্ব প্রতিবেদক ॥
ইসরাইলের ফিলিস্তিনি জনগণের ওপর নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে মানববন্ধন করেছে রাঙামাটি জেলা ছাত্রসেনা। শুক্রবার রাঙামাটি জেলা সভাপতি শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ আব্দুল বারী’র সভাপতিত্বে রিজার্ভ বাজার জামে মসজিদের সম্মুখস্থ আর.এম শপিং কমপ্লেক্স-২ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রসেনার দাওয়াহ্ বিষয়ক সম্পাদক শায়ের সাকিব আল-ক্বাদেরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের কার্যনির্বাহী সদস্য, মাওলানা আনোয়ারুল মুস্তফা হেজাজী, রাঙামাটি জেলার সি.সহ-সভাপতি মাওলানা শফিউল আলম আল-ক্বাদেরী, যুবসেনা কেন্দ্রীয় পরিষদের সি.সহ-সভাপতি মাওলানা আখতার হোসেন চৌধুরী,জেলা যুবসেনার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মনসুর আলী,সাবেক ছাত্রসেনা সভাপতি ইসমাইল হোসেন মুন্না প্রমুখ।
এসময় বক্তাগণ জাতিসংঘ ও বিশ্বের অন্যান্য ক্ষমতাধর মুসলিম রাষ্ট্রের নীরব ভূমিকার তীব্র সমালোচনা করেন এবং তুরস্কের প্রধানমন্ত্রী রিসেফ তাইয়্যেফ এরদোগানের বক্তব্যের সাথে জোরালো সমর্থন জানান।
ইসলামী ফ্রন্ট, যুব ও ছাত্রসেনাসহ অন্যান্য সমমনা দলের নেতাকর্মীদের উপস্থিতিতে প্রাণবন্ত এই মানববন্ধন শেষে ফিলিস্তিনের পাশাপাশি বিশ্বের সকল মুসলিমদের জন্য দোয়া করেন রিজার্ভ বাজার জামে মসজিদের পেশ ঈমাম, মাওলানা হাফেজ ক্বারী নঈম উদ্দিন আল-ক্বাদেরী।
