রাঙামাটির লংগদু উপজেলার রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের নির্মানাধীন একাডেমিক ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে নবম শ্রেণির এক ছাত্রী। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় ছাত্রীটির বাম পা ভেঙ্গে গেছে বলে জানিয়েছে রাবেতা হাসপাতালের চিকিৎসকরা।
বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী ও অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, নবম শ্রেণির ওই ছাত্রীর সাথে তার এক সহপাঠির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি শিক্ষকরা জানতে পারলে ছাত্রীটির ব্যাগ তল্লাশি করে সহপাঠি ওই ছাত্রের বেশ কিছু ছবি পাওয়া যায়। এ বিষয়ে শিক্ষার্থী দুজনের অভিভাবকদের রবিবার স্কুলে ডাকেন প্রধান শিক্ষক। দুপুর বারোটার দিকে অভিভাবকরা প্রধান শিক্ষকের কক্ষে বসে আলোচনা করার সময় ছাত্রীটি নির্মাণাধীন ৩ তলা একাডেমিক ভবনের ছাদে উঠে পড়ে। এসময় সহপাঠিরা চিৎকার চেচামেচি করলে ছাত্র শিক্ষক এবং তাদের অভিভাবকার সবাই ভবনটির নিচে চলে আসে। সকলের উপস্থিতিতেই ছাত্রীটি ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল করিম বলেন, বিদ্যালয়ের নবম শ্রেণির দুই শিক্ষার্থীর মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে শুনে তাদের অভিভাবকদের বিষয়টি জানাতে আমার রুমে আলোচনা করছিলাম। এমন সময় ছাত্রীটি ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করে। ভবনে কর্মরত দুজন শ্রমিক ছাত্রীটিকে ধরার চেষ্টা করেছিলো তবে তারা সফল হয়নি।
এ ঘটনায় ছাত্রীটির সহপাঠি ছাত্র (প্রেমিক) এবং তার অভিভাবককে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত জানান, ‘রাবেতা স্কুলের নবম শ্রেণির এক ছাত্রী একাডেমিক ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করে এবং মারাত্মক আহত হয়। যেহেতু প্রেম এবং আত্মহত্যার চেষ্টার মতো বিষয় জড়িত তাই প্রেমিক ছাত্র এবং তার অভিভাবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
