দেশের অন্যতম ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে বর্ণাঢ্য কর্মসূচী হাতে নিয়েছে রাঙামাটি জেলা ছাত্রদল। সাম্প্রতিক যেকোন সময়ের চেয়েও এবার প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনটি আরো ব্যাপক ও সুন্দর করতে বেশ কিছু ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন সংগঠনটির নেতারা।
বছরের প্রথম দিন ১ জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শহরে বর্ণাঢ্য র্যালি,আলোচনা সভা,দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন, রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালন করবে ছাত্রদল।
রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ও সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রদলের আংশিক ঘোষিত কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ সাব্বির জানিয়েছেন, আমরা চেষ্টা করছি প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের মধ্য দিয়ে নেতাকর্মীদের আরো বেশি চাঙ্গা ও অনুপ্রাণিত করতে। আর যেহেতু এই তারিখটি আমাদের আবেগের সাথে জড়িত তাই নেতাকর্মীরাও আন্তরিকভাবে কাজ করছে সুন্দর একটি আয়োজন করতে।’
এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে রাঙামাটি জেলা বিএনপি ও সহযোগি সংগঠনের শীর্ষ নেতারাই অতিথি হিসেবে থাকবেন বলে জানিয়েছেন এই ছাত্রদল নেতা। ইতোমধ্যেই সাবেক ছাত্রদল নেতাদের আমন্ত্রন জানানো হয়েছে এবং তারা সবাই সহযোগিতাও করছেন বলে জানিয়েছেন সাব্বির।
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনকে পূর্ণতা দিতে এবং নেতাকর্মীদের সক্রিয় করতে ইতোমধ্যেই একাধিক উপ কমিটি গঠন করেছে ছাত্রদল। প্রতিটি কমিটি নিজেদের কাজ সচেতনভাবে করছে জানিয়ে সাব্বির আরো বলেন, ‘আমরাতো সারাবছর নিজেদের রাজনৈতিক কর্মসূচী পালন করে থাকি। কিন্তু নিজেদের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের বিষয়টি একেবারেই আবেগের বিষয়,তাই আমরা চেষ্টা করছি একটি ব্যতিক্রমি আয়োজন রাঙামাটিবাসিকে দেখাতে।’ কর্মসূচী সুষ্ঠু এবং সুন্দরভাবে আয়োজনে রাঙামাটির স্থানীয় প্রশাসনের সহযোগিতাও কামনা করেছেন জেলা ছাত্রদলের এই শীর্ষ নেতা।
২০১৮ সালে রাঙামাটি জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। ৩৩ সদস্যের কমিটির ১ জন কামালউদ্দিন যুবদলে চলে যাওয়ায় বাকি ৩২ জনকে নিয়েই চলছে বর্তমানে জেলা ছাত্রদলের কার্যক্রম। গঠনতন্ত্র অনুসারে জেলা ছাত্রদলের কমিটি ১৫১ সদস্য বিশিষ্ট হয়ে থাকে।
