খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে গণসচেতনমূলক সভা করেছে ভ্রমনকন্যাদের সংগঠন ট্রাভেলেটস অফ বাংলাদেশ। শনিবার দুপুরে জেন্ডার ইক্যুইটি অ্যান্ড এমপাওয়ারমেন্ট প্রোগ্রামের আওতায় বর্ধিত কার্যক্রম হিসেবে প্রথমে খাগড়াছড়ি নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় ক্যান্টনমেন্ট স্কুলের প্রধান শিক্ষিকা রুশনি আকতার জাহান, ট্রাভেলেটস অফ বাংলাদেশ’র কো-জোন লিডার তুনাজ্জিনা তানমু, খাগড়াছড়ি জেলা লিডার জয় সেন প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ, আত্মরক্ষা, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য ও মাসিক, পরিবেশ ও পরিচ্ছন্নতাসহ নানা বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়। পরে খাগড়াছড়ি কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে আরও একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, এ প্রকল্পের আওতায় সারাদেশে প্রায় ৫০০টি বিদ্যালয়ে আড়াই লাখ শিক্ষার্থীকে গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতন করা হবে। এর আগে ২০১৭ সালের ৬ এপ্রিল থেকে ২০১৯ সালের ৫ মে পর্যন্ত ‘নারীর চোখে বাংলাদেশ’ প্রকল্পের আওতায় দেশের ৬৪ জেলায় স্কুটিতে করে ভ্রমণের পাশাপাশি ৬৪টি স্কুলে ২৩ হাজারেরও বেশি সংখ্যক স্কুলগামী মেয়েদের সঙ্গে তারা সচেতনমূলক সভা করে।
