নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ॥
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অধিনে পাহাড়ে শিক্ষকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগে বৈষ্যম্য দূর করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। বুধবার সকালে বান্দরবান শহরের জাফরান রেস্টুরেন্ট মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান বলেন, সব ধরনের যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও পাহাড়ে বসবাসরত ৪৯ ভাগ বাঙালি ছেলেমেয়েরা বিভিন্ন সরকারি-বেসরকারি চাকুরী ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এমনকি এই অঞ্চলের বিভিন্ন সরকারি সেবামূলক প্রতিষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, সিএইচটিআরসি, উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, প্রকৌশল বিভাগ, ভূমি কমিশনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাঙালিদের বঞ্চিত করা হচ্ছে। যার ফলে বর্তমানে হতাশায় নিমজ্জিত হয়ে পার্বত্য বাঙালি ছেলেমেয়েরা বেকার অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। বৈষম্যের শিকার অনগ্রসর ও পিছিয়ে পড়া পাহাড়ি-বাঙালি ছেলেমেয়েদের বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থানের পথ সুগম করার জন্য আনুপাতিকহারে সম্প্রদায় ভিত্তিক সকল ক্ষেত্রে সমবন্টন করে নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতি, আত্মীয়করণ, দুর্নীতি বন্ধে মাননীয় প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
পরে সংবাদ সম্মেলন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দ। এসময় সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সহ-সভাপতি আলম খাঁ, সংগঠনের নেতা রুহুল আমিন, আবুল কালাম, সামশুল হক সামু, মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
