পার্বত্য অঞ্চলে গুম, খুন, অপহরণ, মুক্তিপণ আদায়, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের উদ্ধারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ। বৃহস্পতিবার সকাল ১১টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে পার্বত্য নাগরিক পরিষদের রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক মো. জামাল উদ্দিন, পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান প্রমুখ বক্তব্য দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘শান্তি চুক্তির ২১ বছর পরও পাহাড়ে শান্তি ফেরিনি। চুক্তির আগে পাহাড়ে একটি সশস্ত্র সংগঠন ছিলো, এখন সেটা চারটিতে দাঁড়িয়েছে। চাঁদা আদায়কে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের লড়াইয়ে প্রতিনিয়ত গুম, খুন, অপহরণ বেড়েই চলছে। আমরা মনে করি, এসব সন্ত্রাসী কার্যক্রম বন্ধে সরকারকে এগিয়ে আসবে হবে।
মানববন্ধন শেষে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
