দীঘিনালা প্রতিনিধি ॥
পাহাড়ে ইউনিয়নয়ন পরিষদ নির্বাচনে এই প্রথম একমাত্র নারী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দীঘিনালায়। উপজেলার ৩টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে একটিতে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন উপজেলা মহিলা আওয়ামীগের সাধারণ সম্পাদিকা মাহমুদা বেগম লাকি, অন্য ২টিতে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ৫টি ইউপির মধ্যে ১নম্বর মেরুং ইউপি, ২নম্বর বোয়ালখালি (সদর) এবং ৩নম্বর কবাখালি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয় গত ২৮ নভেম্বর। এর মধ্যে বোয়ালখালি ইউপিতে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তফাকে (নৌকা প্রতীক) ৪হাজার ২৩৮ ভোটের ব্যাবধানে পরাজিত করে বিজয়ী হয়েছেন জেএসএস (এমএন লারমা) সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে চয়ন বিকাশ চাকমা কালাধন। তিনি একটানা তৃতীয়বার নির্বাচিত হলেন।
অপরদিকে মেরুং ২টি কেন্দ্রে এবং কবাখালিতে ২টি কেন্দ্রে গোলযোগের কারণে ভোট গ্রহন স্থগিত হয়ে যায়। এ চারটি কেন্দ্রে বৃহষ্পতিবার শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এতে সব মিলিয়ে মেরুং ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হেমব্রত চাকমাকে ২হাজার ৬৫৪ ভোটের ব্যবধানে পরাজিত করে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মাহমুদা বেগম লাকি। যিনি পাহাড়ের একমাত্র নির্বাচিত নারী চেয়ারম্যান। অন্যদিকে কবাখালি ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. বারেককে ২হাজার ১৭৩ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হয়েছেন জেএসএস (এমএন লারমা) সমর্থিত যুবনেতা আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নলেজ চাকমা জ্ঞান।
