খাগড়াছড়ি প্রতিনিধি
পাহাড়-পর্বত সুরক্ষা করে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক পর্বত দিবস’। তারই অংশ হিসেবে খাগড়াছড়িতে দিবসটি উদযাপিত হয়েছে। ‘ওমেন মুভ মাউন্টেইনস’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী। এ সময় জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, শতরুপা চাকমা, নিলোৎপল খীসা, জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কিশোর কুমার মজুমদারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, প্রকৃতির সঙ্গে বসবাস করে পার্বত্য এলাকার জনগণ যেমন জীববৈচিত্র্যকে সংরক্ষণ করছে, তেমনই তারা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ অঞ্চলের সকল খাতের উন্নয়নে সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে । পার্বত্য জেলাগুলোর নৈসর্গিক সৌন্দর্য সমুন্নত রাখা ও পর্যটন শিল্পের প্রসারেও আরো নানামুখী উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান বক্তারা।
