পার্বত্য চট্টগ্রামের তৃনমূল পর্যায়ের বিভিন্ন ফুটবল খেলোয়ারদেরকে তুলে এনে স্থানীয় ও জাতীয় পর্যায়ে উপস্থাপন করার লক্ষে আগামী ১৭ অক্টোবর শুরু হতে যাচ্ছে পাবর্ত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রথম বিভাগ ফুটবল লীগ-২০১৮। এদিন রাঙামাটি জেলার চিং হ্লা মং মারী স্টেডিয়ামে দুপুর দুইটায় ফুটবল লীগের উদ্বোধনী খেলা আরম্ভ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবর্ত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি। ফুটবল লীগ ১৮ আয়োজন উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল উপ-পরিষদের আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।
পাবর্ত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগীতায় ফুটবল লীগে রাঙামাটির ১২ টি ক্লাব অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় ছদক ক্লাবের মুখোমুখি হবে উইন স্টার স্পোর্টিং ক্লাব। দুটি গ্রুপে ভাগ হয়ে লীগ আগামী ২৯ নভেম্বর শেষ হবার কথা রয়েছে।
ফুটবল লীগে অংশগ্রহণকারী দল হচ্ছে ছদক ক্লাব, উইন স্টার স্পোর্টিং ক্লাব, ইয়থ স্পোর্টিং ক্লাব, রাইজিং স্টার ক্লাব, মোহামেডান ক্লাব, প্রতিভাস ক্লাব, সবুজ সংঘ ক্লাব, সৃজন স্পোর্টিং ক্লাব, আবাহনী ক্রীড়া চক্র, জেলা মুকুল ফৌজ ও বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল শুক্কুর ক্লাব। ফুটবল লীগকে সুন্দরভাবে সমাপ্ত করার জন্য ইতোমধ্যে ১১ টি উপ-কমিটিও করা হয়।
সোমবার সন্ধ্যা ৬ টায় রাঙামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামের সভা কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন, ফুটবল উপ কমিটির আহবায়ক ও রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জেলা পুলিশ সুপার আলমগীর কবীর। এ সময়ে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মামুনৃর রশিদ মামুন, সহ-সভাপতি বরুন বিকাশ দেওয়ান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম।
ফুটবল লীগে অংশগ্রহণকারী দলগুলো অংশগ্রহনের জন্য আশি হাজার টাকা করে প্রদান করবে এবং চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার আর রানার্স-আপ দলকে ৩০ হাজার টাকা প্রদান করা হবে বলে জানান ফুটবল উপ-কমিটির আহবায়ক আলমগীর কবীর। এসময় ফুটবল লীগ সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সকলের কাছ থেকে সহযোগীতা কামনা করেছেন আয়োজকরা ।
