জাকির হোসেন, দীঘিনালা
তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে খাগড়াছড়ির দীঘিনালার তিনটি ইউনিয়নে নির্বাচন হতে যাচ্ছে আগামী রোববার (২৮ নভেম্বর)। এর মধ্যে মেরুং ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন মাহমুদা বেগম লাকি। চেয়ারম্যান পদে প্রার্থীতায় তিনিই প্রথম নারী প্রার্থী।
উপজেলা নির্বাচন অফিষ সূত্রে জানায়, উপজেলার তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীতা করছেন ৮ জন। ১ নম্বর মেরুং ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে নৌকা প্রতীক নিয়ে উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম লাকি, আনারস প্রতীকে হেমব্রত চাকমা (কার্বারি) এবং হাতপাখা প্রতীকে আশরাফুল ইসলাম। ২ নম্বর বোয়ালখালী (সদর) ইউনিয়নে নৌকা প্রতীকে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তফা এবং আনারস প্রতীকে উপজেলা জেএসএস (এমএন লারমা) এর সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা কালাধন। ৩ নম্বর কবাখালী ইউনিয়নে নৌকা প্রতীকে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. বারেক, আনারস প্রতীকে জেএসএস (এমএন লারমা) সমর্থিত যুব সংগঠন যুব সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নলেজ চাকমা জ্ঞান এবং ঘোড়া প্রতীকে মো. কাইয়ুম।
নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদা বেগম লাকি বলেন, ‘আমি একজন নারী; কিন্তু দল যেহেতু আমাকে প্রতীক দিয়ে নির্বাচনের সুযোগ করে দিয়েছে আমি দলের প্রতি সে সম্মান দেওয়ার জন্য ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। যেসব দুর্গম এলাকায় কখনো কোন প্রার্থী যায়নি, সেসব এলাকাতেও প্রতিনিয়ত গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলছি। ভোটাররাও আমাকে সাড়া দিচ্ছেন এবং বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’
