খাগড়াছড়ি প্রতিনিধি
এর আগে অনেকবার তারা নিজ জেলা খাগড়াছড়িতে ফিরেছে। তবে এবারের ফেরাটা ব্যতিক্রম। এবার ফিরেছে জেলাবাসীর উষ্ণ সংবর্ধনায় বীরদর্পে। সাফ জয়ী খাগড়াছড়ির ৩ ফুটবল কন্যাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলো খাগড়াছড়িবাসী।
আনাই মগিনী, আনুচিং মগিনী ও মনিকা চাকমা শুক্রবার সকালে রাঙামাটি থেকে খাগড়াছড়ি পৌছালে তাদেরকে শহরের অদূরে ঠাকুরছড়ায় ফুল দিয়ে সাদরে বরণ করে নেন নারী সংসদ সদস্য বাসন্তী চাকমাসহ বিভিন্ন স্তরের মানুষ। বীর তিন ফুটবল কন্যার সাথে খাগড়াছড়ি এসেছেন জাতীয় নারী ফুটবল দলের সহকারী কোচ তৃঞ্চা চাকমাও।
বরণের পর ছাদ খোলা সুসজ্জিত জিপে করে তাদেরকে খাগড়াছড়ি শহর প্রদক্ষিণ করানো হয়। শতাধিক মোটরসাইকেলের বহরটি যখন শহর প্রদক্ষিণ করছে তখন শতশত উৎসুখ মানুষ তাদের হাত নেড়ে স্বাগত জানান।
পরে খাগড়াছড়ি স্টেডিয়ামে খাগড়াছড়িবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয় খেলোয়াড় ও সহকারী কোচকে। সংবর্ধনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ খেলোয়াড় ও সহকারী কোচকে ১ লাখ টাকা করে ৪ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
এছাড়া বিভিন্ন সংগঠন থেকে ক্রেস্ট, উত্তরীয় ও ফুল দিয়ে বরণ করে নেন।
সংবর্ধনায় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, পুলিশ সুপার নাইমুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আবু সাঈদ, জেলা পরিষদ চেয়ারম্যানের পক্ষে শতরূপা চাকমা, উপজেলা পরিষদ চেয়ারম্যান শানে আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা প্রমুখ।
