কিশোরগঞ্জে চলন্ত বাসে নার্স শাহীনুর আক্তার তানিয়াকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার প্রতিবাদ ও হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রাঙামাটি জেনারেল হাসপাতালের মূল ফটকের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ) রাঙামাটি জেলা শাখা ও রাঙামাটি জেনারেল হাসপাতালের নার্সিং কর্মকর্তারা এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে সিনিয়র স্টাফ নার্স শুভ্রা রানী বড়–য়ার সভাপতিত্বে বক্তব্য দেন, রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর খান, রাঙামাটি নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ কৃষ্ণা চাকমা, সিনিয়র স্টাফ নার্স শাহিদা আক্তার, মিন্টু তালুকদার, মাসুদুর রহমান তালুকদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘এখনও নারীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত হয়নি। এটা আসলে একদিনে সম্ভবও না। নারীদের কর্মক্ষেত্রে স্বাধীনতার সাথে সাথে তাদের নিরাপদ চলাফেরা নিশ্চিত করতে হবে। আমরা এই মানববন্ধন থেকে তানিয়া হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। যাতে বাংলাদেশ আর কোনো তানিয়াকে এভাবে হত্যার শিকার হতে না হয়।’
এসময় তারা ধর্ষকের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
