কাপ্তাই প্রতিনিধি ॥
মায়ের পায়ে পুষ্পার্ঘ্য, বিদ্যা লাভের আশায় সমবেত প্রার্থনা, প্রসাদ বিতরণ, গীতাপাঠ ও ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে কাপ্তাইয়ের বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হলো সরস্বতী পূজা। কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু জানান, করোনাকালীন সময়ে স্বাস্থ্য বিধি মেনে কাপ্তাইয়ের রাইখালী ত্রিপুরা সুন্দরী কালি মন্দির, চন্দ্রঘোনা আদি নারায়ণ বৈদান্তিক গীতা মন্ডপ, কর্ণফুলি সরকারি কলেজ, লগগেইট জয়কালী মন্দির, ওয়াগ্গা মন্দির, বড়ইছড়ি বাজার পূজা মন্ডপসহ বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হলো সরস্বতী পূজা।
এদিকে সরস্বতী পূজা উপলক্ষে মিশন এলাকার সনাতন যুব সমাজের আয়োজনে আদি নারায়ণ বৈদান্তিক গীতা মন্ডপ প্রাঙ্গণে মঙ্গলবার সকাল হতে গীতাপাঠ, প্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুলন দত্ত ও সঙ্গীতা দত্তের পরিচালনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়া রাইখালী ত্রিপুরা সুন্দরী কালি মন্দির, ওয়াগ্গা সরস্বতী পূজা মন্ডপ এবং কর্ণফুলি সরকারি কলেজ সনাতন বিদ্যার্থীদের আয়োজনে গীতাপাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
