বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে তিন ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে বাইশারী এলাকার থ্রি-স্টার রাবার বাগানের পাশে দ্বিন মোহাম্মদের এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের আব্দুস সোবাহানের ছেলে আনোয়ার, কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া এলাকার নুরুল হকের ছেলে আব্দুল হামিদ ও সুপারিকাটা এলাকার সৈয়দ হোসেনের ছেলে মো. বাপ্পি। পুলিশের দাবি, নিজেদের মধ্যে গোলাগুলিতেই তারা নিহত হন।
এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আলমগীর জানান, ভোর ৫টার দিকে ডাকাতি শেষে মালামাল ভাগভাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়েন ডাকাতরা। পরে গোলাগুলি করলে তিনজন নিহত হন। ঘটনাস্থলে তিনজনের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠায়।
