দীঘিনালা প্রতিনিধি ॥
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন এলাকায় সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। দুই দিনে সাজেকে জীপ (চাঁদের গাড়ি) দুই ঘটনায় সাগর আহমেদ (৩২) নামে এক পর্যটকের মৃত্যু হয়। পাশাপাশি আহত হয় আরো ১৮ জন। এ ঘটনার পর সাজেক সড়কে যানচলাচলের ওপর প্রশাসনিক নজরধারী বাড়ানো হয়েছে। শুক্রবার সকাল থেকে সাজেক সড়কে চলাচল করা সকল যানবাহনের ফিটনেস ও চালকদের লাইসেন্স পরীক্ষা শুরু করেছে সেনাবাহিনী। পাশাপাশি গতিসীমাও সর্বোচ্চ ৪০ কিলোমিটার রাখার নির্দেশনা দেয়া হয়েছে উপজেলা প্রশাসন থেকে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বিষয়টি নিশ্চিত করেন। সকাল থেকে শুরু হওয়া যাচাই-বাছাই এর কারণে সাজেক সড়কে চাঁদের গাড়ী চলাচল অনেক কমে গেছে।
এদিকে সকাল থেকে শুরু হওয়া লাইসেন্স ও ফিটনেস পরীক্ষাকে স্বাগত জানিয়েছে পর্যটকসহ স্থানীয়রা। সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, প্রশাসনের এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আমরা চাই না সাজেক সড়কে আর কোন দুর্ঘটনায় কারো মৃত্যু হোক।
