নিজস্ব প্রতিবেদক ।।
আজ বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী। এই দিনে বাংলাদেশ বিজয় লাভ করে। প্রতিবছর জাতীয় দিবসের অনুষ্ঠানগুলিতে নানান আয়োজনে পালন হয়ে থাকে। দুর্গম অঞ্চল হওয়ায় রাঙামাটিতে সাধারণত জাতীয় দিবসগুলি অনেকটাই জেলা ও উপজেলার সদর কেন্দ্রিক।
কিন্তু বিজয়ের আনন্দ দুর্গম পাহাড়ের মানুষের মাঝে ছড়িয়ে দিতে এবার বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দের আয়োজনে রাঙামাটির দুর্গম গ্রাম কাইন্দাকারিক্ষং পাড়ায় আয়োজন করা হয় বিজয় উৎসব ও ফ্রি চিকিৎসাসেবা। এই পাড়ার শিশুদের আজ আনন্দের সীমা নেই। এই প্রথমবারের মতো তাদের পাড়ার মাঠ রঙিন হলো লাল সবুজের বেলুনে। সেই সাথে আছে বিয়ে বাড়ির আমেজ। মাংসসহ কয়েক পদের খাবারে আপ্যায়ন করা হচ্ছে তিন শতাধিক মানুষকে। এ যেন বিজয়ের আহার।
শুধুই আহার নয়; বিদ্যানন্দের স্বেচ্ছাসেবকদের কাছে আজ মুক্তিযুদ্ধের গল্প শুনেছে পাড়ার শিশুরা। এছাড়াও আশেপাশের পাড়ার আরো শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে বিদ্যানন্দ মা ও শিশু হাসপাতালের পক্ষ থেকে।
এ ব্যাপারে বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিষদ সদস্য জামাল উদ্দিন বলেন, দুর্গম পাহাড়ি পাড়াগুলোর শিশু কিশোর ও তরুণ সমাজ এখনও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্বন্ধে জানে না। তাদের মাতৃভাষায় মুক্তিযুদ্ধের ইতিহাস লিখা হয়নি এখনও। তাই শিশু কিশোরদের মাঝে মুক্তিযুদ্ধের সাহসী ও গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরার জন্য আমাদের এই আয়োজন। পাশাপাশি আয়োজন করা হয়েছে আনন্দ উৎসব।
কাইন্দাকারিক্ষং পাড়ার কার্বারি সুবর্ণ চাকমা বলেন, এই প্রথমবারের মতো আমাদের এলাকায় কেউ বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করেছে। আমাদের পাড়ার মানুষ খুশি হয়েছে। ভবিষ্যতেও বিদ্যানন্দ এই আয়োজন অব্যাহত রাখবে বলে আমরা আশাবাদী।
