জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাঙামাটি জেলা কার্যালয় উদ্যোগে বুধ ও বৃহস্পতিবার রাঙামাটি শহরে তদারকি কার্যক্রমে জরিমানা আদায় করা হয়েছে ২৯ হাজার টাকা।
বৃহস্পতিবার শহরের তবলছড়ি ও আসামবস্তি এলাকায় রাঙামাটি জেলা প্রশাসনের সহায়তায় তদারকি মূলক অভিয়ান পরিচালনা করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এতে বেলা ১১টা হতে বেলা ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে ১৬টি প্রতিষ্ঠান পরিদর্শন করে ৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী কর্মকান্ডের জন্য ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ এর আওতায় ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে নকল চেরি, মেয়াদবিহীন কাটা ওষুধ, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও সংবাদপত্র ব্যবহার করে উৎপাদিত কেক ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাঙামাটির জেলার সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ হাসানুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন জেলা মার্কেটিং অফিসার মো. এমদাদুল্লাহ্ ভূঁইয়া।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ব্যবসায়ীবৃন্দ ও ভোক্তাসাধারণের মাঝে ভোক্তা অধিকার বিষয়ক লিফলেট-প্যাম্ফলেট বিতরণ করে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ সম্পর্কে সচেতন করা হয় এবং আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়।
এর আগে বুধবার ২৪ এপ্রিল ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযান পরিচালিত হয় এই দিন শহরের ২০টি প্রতিষ্ঠান পরিদর্শন করে একটি প্রতিষ্ঠান থেকে ১৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
