দীঘিনালা প্রতিনিধি
দীঘিনালায় দুই শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও ঔষধ দিয়েছে সেনাবাহিনী। শনিবার একটি প্রাথমিক বিদ্যালয়ে মেডিক্যাল ক্যাম্পেইন করে এ সহায়তা করা হয়।
উপজেলার বোয়ালখালী ইউনিয়নের জামতলী এলাকা মানিকছড়ি হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেডিক্যাল ক্যাম্পেইনে ৮ ও ৯ নং ওয়ার্ডের গরীব ও দুস্থ রোগীদের চিকিৎসা সেবা দিয়ে বিনামূল্যে ঔষধ দেওয়া হয়েছে।
সেবা গ্রহীতা মৃনাল কান্তি চাকমা (৬০) জানান, দীর্ঘদিন যাবত তিনি ডায়বেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না। সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ পেয়ে অনেক খুশি হয়েছেন। একই রকম অনুভূতি জানান চর্মরোগে আক্রান্ত মঙ্গলমনি ত্রিপুরা (৫২)।
ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারের তত্ত্বাবধানে দীঘিনালা জোনের সহযোগিতায় মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। ক্যাম্পেইনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারের প্রধান প্রশিক্ষক লে. কর্নেল এহসানুল হক ভূইয়া এবং দীঘিনালা জোন অধিনায়ক লে. কর্নেল রুমন পারভেজ পিএসসি। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অফিসার ইনচার্জ মেজর মো. তুহিন রহমান। চিকিৎসাসেবা প্রদান করেন মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন এম এম মেহেদী হাসান এএমসি।
