সেনাবাহিনী পাহাড়ের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এমন কথা উল্লেখ করে মাটিরাঙ্গার নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার, পিএসসি, জি বলেছেন, দেশের প্রতি দায়িত্ববোধ থেকে সেনাবাহিনী মানুষের পাশে আগেও ছিল আগামী দিনেও থাকবে। আপনারা যেকোনো প্রয়োজনে হাত বাড়ালেই আমি, আমার হাত প্রসারিত করবো।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা ৩০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী জোন সদরে হল রুমে আয়োজিত মাটিরাঙ্গা উপজেলার দুর্গাপূজা উযাদ্পন পরিষদ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মাটিরাঙ্গা জোনের বিদায়ী অধিনায়ক লে. কর্নেল মো: রাইসুল ইসলাম, পিএসসি’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা জোন জোনাল স্টাফ অফিসার মেজর মাজহারুল ইসলাম ভূইঁয়া, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভূইঁয়া, দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি বজ্রলাল দে, সাধারণ সম্পাদক স্বপন কান্তি পাল প্রমুখ ।
এসময় নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার, পিএসসি, জি ও বিদায়ী অধিনায়ক লে. কর্নেল মো: রাইসুল ইসলাম, পিএসসি মাটিরাঙ্গা প্রেসক্লাবের জন্য একটি টেলিভিশন প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেন। এছাড়া দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ১৫ হাজার টাকার অনুদান প্রদান করেন।
মতবিনিময় সভায় প্রেসক্লাবের সহ-সভাপতি জসিম উদ্দিন জয়নাল, দৈনিক পার্বত্য চট্টগ্রাম’র মাটিরাঙ্গা প্রতিনিধি সাগর চক্রবর্তী কমল, দৈনিক অরণ্যর্বাতা মাটিরাঙ্গা প্রতিনিধি অন্তর মাহমুদ, দৈনিক ভোরডাক মাটিরাঙ্গা প্রতিনিধি কমল কৃষ্ণ দে, মাহবুল ই সামদানী, মাটিরাঙ্গা উপজেলা শ্রীকৃষ্ণ জন্মষ্টামী উদ্যাপন পরিষদের সভাপতি বাবুল চন্দ্র বনিক, দুর্গাপূজা উদযাপন পরিষদের সদস্যগণ ছাড়াও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
