লংগদু প্রতিনিধি॥
বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে নিবন্ধিত দরিদ্র জেলেদের মাছে ছাগল বিতরণ করেছে মৎস্য অধিদপ্তর। মঙ্গলবার সকালে রাঙামাটির লংগদুতে দরিদ্র পাঁচজন জেলেকে ছয়টি করে মোট ত্রিশটি ছাগল হস্তান্তর করা হয়।
ছাগল বিতরণের সময় লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার জনি রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা নব আলো চাকমা উপস্থিত ছিলেন।
ছাগল পেয়ে খুশি দরিদ্র জেলে দুলাল মিয়া বলেন, আমি সারা বছর কাপ্তাই লেকে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করি। মাছধরা বন্ধের তিনমাস জেলেরা বেকার থাকে। দরিদ্র জেলেরা এসময় বেশি আর্থিক কষ্টে থাকে। ছাগল পালনের মাধ্যমে কিছুটা আর্থিক কষ্ট দূর হবে।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা নব আলো চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে নিবন্ধিত দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ছাগল বিতরন করা হয়েছে। আমরা ইতোমধ্যে পাঁচজন দরিদ্র জেলেকে ছাগল দিয়েছি। আজ আরো পাঁচজনকে দিলাম। আশা করছি এই ছাগল পালনের মাধ্যমে তাদের পরিবারের আর্থিক উন্নয়ন হবে।
