দরিদ্রদের জন্য সরকারের বরাদ্দকৃত সহযোগিতা প্রদানের বিনিময়ে কোনরকম অনিয়ম বা সুবিধা গ্রহণের প্রমাণ পাওয়া গেলে অভিযুক্ত জনপ্রতিনিধিকে জেলে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তাতে করে সে জনপ্রতিনিধি যে দলেরই হোক না কেন কোনরকম ছাড় দেওয়া হবে না।
সোলার প্যানেল, ভিজিএফ বা ভিজিডি প্রদানে কোন কোন জনপ্রতিনিধির বিরুদ্ধে এমন অনিয়মের সংবাদ পাওয়া যাচ্ছে উল্লেখ করে তাদের সতর্ক করে দিয়ে সোলার প্যানেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন খাগড়াছড়ির সংসদ সদস্য শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা।
খাগড়াছড়ির দীঘিনালায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে রবিবার সোলার প্যানেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজি মোহাম্মদ কাশেম।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কাওছার আলম সরকার জানান, ২০১৮-২০১৯ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত নির্বাচনী এলাকাভিত্তিক টিআর ও কাবিখা খাত থেকে এ সোলার প্যানেল বিতরণ করা হয়। উপজেলার ৫টি ইউনিয়নে মোট ১০১ পরিবারের মধ্যে ১০১টি সোলার প্যানেল বিতরণ করা হয়েছে।
