বান্দরবানের থানচিতে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ অংথুই চিং মারমা (৪৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার সকালে আটক যুবককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আইন-শৃঙ্খলা বাহিনী জানায়, জেলার থানচি উপজেলার তিন্দু ইউনিয়ন এলাকায় ইঞ্জিন নৌকায় বলিপাড়া ৩৮ বিজিবি ব্যাটেলিয়নের সদস্যরা অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ অংথুই চিং মারমা (৪৫) নামে এক যুবককে আটক করেছে। সে থানচির প্রুসা পাড়ার বাসিন্দার মৃত মং শৈ থোয়াই মারমার ছেলে। এসময় তার কাছ থেকে ১০ হাজার পিচ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট, ১টি চাইনিজ চাকু, ১ টি মোবাইল উদ্ধার করা হয়েছে। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানচি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বলিপাড়া বিজিবি ব্যাটেলিয়ন কমান্ডার লে: কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার জানান, গোপন সংবাদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা, আগ্নেয়াস্ত্রসহ যুবককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
