রাঙামাটির কাপ্তাই উপজেলায় একই পরিবারের তিন দরিদ্র শিক্ষার্থীর মাঝে বই তুলে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। সোমবার সকালে তিনি নিজ কার্যালয়ে একই পরিবারের দ্ররিদ্র তিন ভাইবোনের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেন।
জানা গেছে, কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের কোর্ট বিল্ডিং এলাকার বাসিন্দা ট্রাক ড্রাইভার মো. সেলিম তালুকদার। তার পরিবারের সদস্য সংখ্যা ছয়জন। তিন ছেলে এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে সংসার চলতো তার। কিন্তু বিধাতার কী নির্মম পরিহাস; হঠাৎ স্ট্রোক করে অসুস্থ হয়ে ঘরেবন্দি হয়ে আছেন সেলিম। এরপরও ছেলেমেয়েদেরকে পড়ালেখা থেকে বঞ্চিত করেননি তিনি। বড় ছেলে মো. সাহেদুর হোসেন পারভেজ কর্ণফুলি ডিগ্রি কলেজে বিবিএস প্রথম বর্ষে অধ্যয়নরত আছে। অন্য দুই ছেলে এক মেয়ে অধ্যয়নরত আছে কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসা এবং শহীদ সামসুদ্দীন উচ্চ বালিকা বিদ্যালয়ে। এদের মধ্যে কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসার ৯ম শ্রেনীর ছাত্র মো. সাকিব হোসেন, ৭ম শ্রেনীর ছাত্র সানজিত হোসেন এবং শহীদ সামসুদ্দীন উচ্চ বালিকা বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্রী সাইমা আক্তার সুমাইয়া।
গতকাল সোমবার কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন তাঁর কার্যালয়ে এক সেট করে বই প্রদান করেন তাদের তিন ভাইবোনকে। এমনকি ভবিষ্যতে আরও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি। ইউএনও তাদেরকে ভালো ফলাফল করার জন্যও পরামর্শ দেন। এসময় উপস্থিত ছিলেন কাপ্তাইয়ের স্থানীয় সাংবাদিক ঝুলন দত্ত ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন বলেন, ‘শিক্ষা আমাদের মৌলিক অধিকারের একটি। আজকের ছেলেমেয়েরাই আগামী দিনের পৃথিবী গড়বে। আমি যখন তাদের পরিবারের বিষয়টি জানতে পারি, পরে তাদের তিন ভাইবোনকে এক সেট করে বই দিই। ভবিষ্যতেও তাদের পড়ালেখার ব্যাপারে আমি সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করবো।’
