সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের উপর ছাত্রলীগের হামলাকে ‘বর্বরোচিত’ ও ‘কাপুরুষোচিত’ দাবি করে এর প্রতিবাদে পার্বত্য শহর রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির ও সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকুর নেতৃত্বে একটি প্রতিবাদি মিছিল শহরের বনরূপা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে বিএনপি কার্যালয়ে এসে সমাবেশে মিলিত হয়। মিছিলে অংশ নেন ও সমাবেশে বক্তব্য রাখেন সহসভাপতি শাহ এমরান, আব্দুল মজিদ নান্টু,তারেক আহমেদ,কলেজ ছাত্রদলের স্থগিত কমিটির সভাপতি অলি আহাদ, জেলা কমিটির যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন,সহ সাংগঠনিক সম্পাদক আরজ হোসেন সুমন।
মিছিলোত্তর সমাবেশে বক্তারা বলেন, একটি গনতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হওয়ার সময় থেকেই সরকারি দল ও তাদের সহযোগি সংগঠন নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করার প্রয়াস চালিয়েছে। কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে যখন সারাদেশের ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করেছে, এবং সেই নেতারা রাজনীতির সুতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিনে গেছে,সেই সময় তাদের উপর বর্বরোচিত হামলার মাধ্যমে ছাত্রলীগ নিজেদের সন্ত্রাসী চরিত্র আরো একবার উম্মোচন করলো। শুধু তাই নয়, তারা পবিত্র ঢাবি ক্যাম্পাস ও মধুর ক্যান্টিনকেও কলংকিত করেছে এই ঘটনার মধ্য দিয়ে।’
বক্তারা বলেন, ‘ ছাত্রলীগের শ্বেতসন্ত্রাসের জবাব দেয়ার জন্য সারাদেশের ছাত্রসমাজ ছাত্রদলের নেতৃত্বে ঐক্যবদ্ধ। দেশের অগনতান্ত্রিক পরিবেশ বদলালেই তারা তা ঠিক টের পাবে।’ তারা অবিলম্বে ছাত্রদল নেতাদের উপর হামলাকারিদের গ্রেফতার ও বিচার দাবি করেন।
Previous Articleনিখোঁজের এক সপ্তাহ পর মিলল নারীর লাশ
Next Article ১৭ দিনেও খোঁজ নেই কিশোরী আনান’র
