সাইফুল হাসান ॥
রাঙামাটির অভ্যন্তরীণ একমাত্র গণপরিবহন সিএনজি অটোরিকশা। নাম্বারবিহীন সিএনজি অটোরিকশার নাম্বার দেওয়ার প্রসঙ্গ উঠলে এতে জেলা প্রশাসকের নাম ভাঙ্গিয়ে কিছু অসাধু নেতা সাধারণ ড্রাইভারদের থেকে টাকা নেওয়ার প্রসঙ্গ শুনে ক্ষেপেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
রবিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অভ্যন্তরীণ সিএনজি অটোরিকশার ভাড়া বৃদ্ধির প্রসঙ্গে এক জরুরি সভায় তিনি ক্ষেপে যান সিএনজি মালিক শ্রমিক নেতাদের ওপর।
তখন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, শহরের বেশিরভাগ অটোরিকশারগুলো চলছে বেআইনিভাবে, নাম্বারবিহীন। তাই এসব নাম্বারবিহীন সিএনজিকে রেজিস্ট্রেশন দেওয়ার কথা থাকলেও এখনো দেওয়া হয়নি। আমার আগের ডিসি এ বিষয়ে পদক্ষেপ নিলেও তা নানান কারণে ও জটিলতায় করা হয়নি। আমিও যখন এ উদ্যোগ নিয়েছি তখন শুনতে পারছি আমার নাম ভাঙ্গিয়ে কারা যেনো টাকা নিচ্ছে। এসব কি? আমি এখানে চুরি করতে আসিনি। আমার পরিবার সম্পর্কে জানেন, আমি কোন পরিবার থেকে এসেছি। আমি যে সকল স্টেশনে কাজ করেছি, সেখানে খবর নিয়ে দেখেন আমি কি রকম আন্তরিকতার সাথে কাজ করে এসেছি।
তিনি এসময় আরও বলেন, ভালো কিছু করতে গেলে কেউ না কেউ বাধা দিয়ে বসেন আর ভিতরে ভিতরে উল্টাপাল্টা কাজ করেন, মনে করেন আমি কিছুই জানি না। এরকম অসাধু উপায়ে কিছু করলে বা করার চেষ্টা করলে সহ্য করা হবে না। এ শহর আপনাদের আমরা সার্ভিস দিতে এসেছি কালও চলে যেতে পারি। যদি আপনারা এভাবে চলেন তাহলে আমার কিছু যায় আসে না। আমি আমার দায়িত্বটুকু পালন করে চলে যাবো। এ শহর আপনাদের আপনারাই থাকবেন।
সভায় অটোরিকশা হুটহাট বন্ধ করে দেওয়া এবং চালকদের আচার আচারণ নিয়েও প্রশ্ন তুলেন উপস্থিত সকলে। এসময় অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফিরাতে নানান প্রস্তাব রাখেন সুশীল সমাজ।
