বৈশাখি ঝড়ে লন্ডভন্ড হওয়া দীঘিনালার ঝুলন্ত সেতুটি আট মাস পর চালু করা হয়েছে। সেতুটি চালু হওয়ায় দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬ শতাধিক শিক্ষার্থীসহ ছয় গ্রামের লোকজনের পারাপারের দূর্ভোগ কমেছে।
সম্পূর্ন মেরামতের পর গতকাল (বুধবার) বিকালে আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করে সেতুটি পুনরায় খোলে দেন দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্ণেল ফেরদৌস জিয়া উদ্দিন মাহমুদ পিএসসি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ শহীদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মো. কাশেম, হাচিনসনপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী মো. জসিম উদ্দিন।
জানা যায়, দীঘিনালার বোয়ালখালী পুরাতন বাজার সংলগ্ন মাঈনী নদীর ওপরের ঝুলন্ত সেতুটি চলতি বছরের ২৫ এপ্রিল বৈশাখি ঝড়ে লন্ডভন্ড হয়ে যায়। এ সেতু দিয়ে পারাপার হয় হাচিনসপুর উচ্চ বিদ্যালয় ও হাচিনসনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ছয় শতাধীক শিক্ষার্থী। এছাড়াও ছয়টি গ্রামের মানুষেরর পারাপার এ সেতু দিয়ে।
হাচিনসনপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজি মো. জসিম উদ্দিন জানান, সেতুটি লন্ডভন্ড হওয়ার পর দীর্ঘদিন নদী পারাপারে দূর্ভোগে ছিল এলাকাবাসি ও শিক্ষার্থীরা। তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুরোধ করেছিলেন সেতুটি চালু করতে আপাতত যা খরচ লাগে তা চালিয়ে নিতে। সে অনুসারেই সেতুটির সম্পূর্ন কাজ সম্পন্ন করা হয়েছে।
