‘দেশের সার্বিক উন্নয়নে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। সরকার সব সময় পাহাড়ের মানুষের পাশে থাকবে। জেলা পরিষদ সরকারের এ কাজকে এগিয়ে নিয়ে যেতে সর্বদা কাজ করে যাচ্ছে, পরিষদ শুধু স্কুল, মসজিদ, মাদ্রাসা, মন্দির, রাস্তা নির্মাণ করে না, পাশাপাশি দরিদ্র মানুষের পাশেও এসে দাঁড়ায়।’
রবিবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সেলাই মেশিন, কম্পিউটার সেট, টিভি, মসজিদে স্টিল খাটিয়া, মশারি ও ফ্যান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা এসব কথা বলেন।
সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মনোয়ারা আক্তার জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য হাজী মুছা মাতব্বর, অংসুপ্রু চৌধুরী, শান্তনা চাকমা, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রফিক আহম্মদ তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যকালে চেয়ারম্যান আরও বলেন, আমাদের এ সহযোগিতা আপনারা নিজেদের জীবনে কাজে লাগাবেন, একজন নারী যদি সেলাই মেশিনটি কাজে লাগিয়ে টাকা আয় করে সংসারে সহযোগিতা করতে পারেন সেখানে আমাদের সাফল্য।
আলোচনা সভার শেষে রাঙামাটির ৪৩ জন নারীকে একটি করে সেলাই মেশিন, জেলা কারাগারে মহিলা কয়েদিদের জন্য একটি টিভি ও ১০ সেট কাপড়, আসামবস্তি নারিকেল বাগান জামে মসজিদের জন্য একটি স্টিল খাটিয়া, ইয়াং রাঙামাটি স্পোর্টিং ক্লাবকে ১টি স্ট্যান্ড ফ্যান, পৌর এলাকার ৩০টি মসজিদকে মৃত ব্যক্তি ধৌত করার জন্য মশারি ও রাঙামাটি বঙ্গবন্ধু তথ্য ও গবেষণা কেন্দ্রের জন্য একটি কম্পিউটার বিতরণ করা হয়। পার্বত্য মন্ত্রণালয়ের অর্থায়নে এ উপহার সামগ্রী বিতরণের সার্বিক সহযোগিতা করেন পরিষদের সদস্য মনোয়ারা আক্তার জাহান।
