জুরাছড়ি জনসংহতি সমিতির আয়োজনে এমএন লারমার ৩৪ তম মৃত্যু বার্ষিকী ও জুম্ম জাতির শোক দিবস উদযাপন করা হয়েছে। বুধবার উপজেলা শিশু পার্ক প্রাঙ্গণে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে একটি র্যালি শিশু পার্ক প্রাঙ্গণ থেকে শুরু করে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পরে শিশুপার্ক প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়।
এতে উপজেলা জেএসএস এর সাধারণ সম্পাদক সুমিত চাকমার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জেএসএস এর সভাপতি মায়াচান চাকমা। এতে প্রধান অতিথি ছিলেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য উদয়ন ত্রিপুরা। এসময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন উপজেলা জেএসএস এর সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান উদয়জয় চাকমা, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি দেওয়ান সহ স্থানীয় মৌজার হেডম্যান ও কার্বারিবৃন্দ। উক্ত শোক দিবস উপলক্ষে শোকপাত করেন সমজিতা চাকমা ও মিনাক্ষী চাকমা প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে উদয়ন ত্রিপুরা বলেন, এ সরকার গণতান্ত্রিক চেতনার সরকার, কিন্তু গনতান্ত্রিক চেতনা থাকলেও এ সরকার চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে গড়িমসি করছে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি এদেশের বাঙালিদের শুধু মা নন, পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণও আপনার সন্তান। তাই এই সরকারের মেয়াদের মধ্যে চুক্তি বাস্তবায়ন করুন। তিনি বলেন, সরকার যদি চুক্তি বাস্তবায়ন না করে, তাহলে পার্বত্য চট্টগ্রামের সাধারণ জনগণ আরারো জঙ্গলে ফিরে যেতে প্রস্তুত রয়েছে।

১ Comment
আমরা করবো জয় নিশ্চয়