নোয়াখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বাধীনতাবিরোধী সংগঠন জামাতের ছাত্র সংগঠন ছাত্রশিবিরের হামলায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা রাকিব ও খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদীউজ্জামান রাসেল হত্যার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ।
মঙ্গলবার বিকেলে রাঙামাটি পৌরসভা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদিক্ষন শেষে জেলা প্রশাসন কার্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। পরে জেলা ছাত্রলীগ সভাপতি আবদুল জব্বার সুজনের সভাপতিত্বে সমাবেশে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবার্ষিকী উৎযাপনে প্রস্তুতি সময় স্বাধীনতাবিরোধী সংগঠন ছাত্রশিবির আবারো মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করেছে। বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা রাকিব হত্যাকান্ড থেকে এযাবৎ সকল হত্যাকান্ডের বিচারের দাবি করা হয় সমাবেশ থেকে।
জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকাশ চাকমা অভিযোগ করে বলেন, রাঙামাটি ছাত্রলীগের ঐক্য নষ্ট করার জন্য জামাত-শিবির উঠেপড়ে লেগেছে। এই চক্রান্তের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।
সমাবেশে জেলা ছাত্রলীগ সভাপতি আবদুল জব্বার সুজন বলেন, স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির চক্র আবারও সক্রিয় হয়ে উঠছে। স্বাধীনতার মাসে এই মৌলবাদী সন্ত্রাসীগোষ্ঠী ছাত্রলীগের এক কর্মীকে হত্যা করেছে, এটি কোনো মেনে নেয়া যায় না। আমরা সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই, আর কত বঙ্গবন্ধুর আর্দশের সৈনিককে হত্যা করা হলে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হবে? যতদিন এই জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হবে না ততদিন ছাত্রলীগ রাজপথে থাকবে।
