খাগড়াছড়ির দীঘিনালায় খাদ্যবান্ধব কর্মসূচীর ৭০বস্তা চাল উদ্ধার করা হয়েছে এক ব্যবসায়ির ঘর থেকে। গ্রেফতার করা হয়েছে ওই ব্যবসায়িকে। পলাতক রয়েছে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার ছাত্রলীগ সভাপতি।
পুলিশ জানায়, ঘটনাটি উপজেলার ছোটমেরুং বাজারে। গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন দুলু (৫২) ছোটমেরুং বাজারের ব্যবসায়ি। সে চালগুলো খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার মেরুং ইউনিয়ন (দক্ষিন) ছাত্রলীগ সভাপতি জহিরুল ইসলাম জহিরের নিকট থেকে ক্রয় করেছিল বলে পুলিশকে জানিয়েছে। দুলু গ্রেফতারের পর জহিরের বাসাতে পুলিশ গিয়েও তাকে পায়নি; পলাতক রয়েছে জহির।
স্থানীয় সূত্রে জানা যায়, দুলুর ঘরে চাল মজুদের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ সোমবার দুপুরে তল্লাশি চালান। সত্যতা পেয়ে জব্দ করা হয় ৭০বস্তা চাল এবং গ্রেফতার করা হয় ব্যবসায়ি দুলুকে।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
