পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির অন্যতম শীর্ষনেতা এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য সুধাসিন্ধু খীসা (৭৭) মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টায় খাগড়াছড়ি শহরের কদমতলিস্থ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। সত্তরোর্ধ্ব এই নেতা মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
পাহাড়ের বর্ষিয়ান রাজনীতিক নেতা ষাটের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। স্বাধীনতার পর গঠিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির অন্যতম শীর্ষনেতা হিসেবে ভূমিকা রাখেন। ২০১০ সালের দিকে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় ওরফে সন্তু লারমার নেতৃত্ব ছেড়ে নিজের নেতৃত্বে গড়ে তোলেন জনসংহতি সমিতি (এমএন লারমা) নামে পৃথক রাজনৈতিক দল। সুধাসিন্ধু খীসা পার্বত্য জেলার পাহাড়ি জনগণের কাছে সুবক্তা ও জনপ্রিয় নেতা ছিলেন।
বুধবার বিকাল ৩টায় তার জন্মভুমি জেলার মহালছড়ি উপজেলার খুলারামপাড়ায় পারিবারিক শ্মশানে দাহ শেষে সমাধি করার কথা রয়েছে।
তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে। পাহাড়ের বর্ষিয়ান নেতা সুধাসিন্ধু খীসা’র মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম শরণার্থী টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, সাবেক এমপি যতীন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, বাংলাদেশ মারমা উন্নয়ন সংসদ-এর সভাপতি মংপ্রæ চৌধুরী ও সাধারণ সম্পাদক মংসুইপ্রæ চৌধুরী অপুসহ বিভিন্ন ব্যক্তি এবং সংগঠন পৃথক পৃথক বিবৃতিতে শোক জানিয়েছেন।
Previous Articleবান্দরবানে পৌর কাউন্সিলরসহ আরো ৮ জনের পজিটিভ শনাক্ত
Next Article বান্দরবানে করোনা ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু
