জিয়াউল জিয়া ॥
রাঙামাটিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে ভয়াল ২৫ মার্চ গণহত্যা দিবসে নিহত শহীদদের স্মরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক চত্বরে শহীদ এম অব্দুল আলী মঞ্চে জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালিত হয়েছে।
আলোচনা অনুষ্ঠানে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মোদ্দাছ্ছের হোসেন ও বীর মুক্তিযোদ্ধারা।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত ভাবে বাঙালিদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালির ইতিহাসের সবচেয়ে বর্বরোচিত ও নিকৃষ্টতম গণহত্যা শুরু করে। একাত্তরের ২৫ মার্চে গণহত্যা শুধু একটি রাতের হত্যাকান্ডই ছিল না, এটা ছিল মূলত এক জঘন্যতম গণহত্যা।
আলোচনা সভা শেষে গণসঙ্গীত পরিবেশন করা হয়।
