খাগড়াছড়ি প্রতিনিধি ॥
তীব্র তাপদাহ ও প্রচন্ড গরমে বিপর্যস্ত জনজীবন। বৃষ্টি না থাকায় প্রত্যন্ত এলাকায় পানি সংকট দেখা দিয়েছে। শুকিয়ে গেছে নদী, ছড়া, ঝরনার পানি। এমন পরিস্থিতিতে বৃষ্টির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার আয়ুব নগর এলাকায় এই প্রার্থনা অনুষ্ঠিত হয়। স্থানীয় আয়ুব নগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত প্রার্থনায় গ্রামের শিশু বৃদ্ধরা অংশ নেন।
এসময় মহান আল্লাহর দরবারে দু’হাত তুলে বৃষ্টির জন্য কান্না করে স্থানীয়রা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা মো: আলী হোসেন কারিমী।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সুরুজ মেম্বার জানায়, দীর্ঘ ষাট বছর বয়সে এভাবে খরা কোনদিন দেখছি বলে মনে পড়ছে না। মানুষের ফসলাদি গাছ-পালা সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। তাই গ্রামবাসী মিলে আল্লাহর দরবারে প্রার্থনার আয়োজন করেছি। গ্রামের কোমলমতি শিশুরাও এই বিশেষ প্রার্থনায় শরীক হয়। বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনায় অনেকেই এই প্রথমবারের অংশ গ্রহণ করেছেন বলে জানান।
