বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় রায়ের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ করেছে স্বেচ্ছাসেবক দল। সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা শহরের কলাবাগান এলাকায় বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে জড়ো হয় নেতাকর্মীরা।
পরে মিছিল নিয়ে প্রধান সড়কে উঠতে চাইলে পুলিশি ব্যারিকেডের মধ্য দিয়ে গণপূর্ত অফিসের সামনে সমাবেশ করে নেতাকর্মীরা। এসময় বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, ‘শেখ হাসিনা সরকার উন্নয়ন নয়, একপক্ষীয় ক্ষমতায় থেকে দেশের জনগণ ও বিরোধীদের দমন পীড়নে ব্যস্ত হয়ে পড়েছে।’
গ্রেনেড হামলার মামলায় তারেক রহমানসহ অন্যন্য নেতৃবৃন্দের সাজার প্রতিবাদে তারা বলেন, আওয়ামীলীগ সরকারের অন্যায়-অত্যাচারের দিন শেষ। এবার প্রতিশোধ নেবার পালা। তাই প্রত্যন্ত থেকে সমতল এলাকার নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বেগম খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহবান জানান তারা।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাগর নোমান প্রমুখ। কর্মসূচিতে জেলা বিএনপিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
