ন্যাশনাল ডিফেন্স কলেজ বাংলাদেশ (এনডিসি) এর ক্যাপস্টোন কোর্স ২০১৯ এ অংশগ্রহণকারীদের সাথে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দের এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে বুধবার সন্ধ্যায় পর্যটন হলিডে কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ন্যাশনাল ডিফেন্স কলেজ বাংলাদেশ এর ক্যাপস্টোন কোর্সে অংশগ্রহণকারীরা রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, পরিষদে হস্তান্তরিত বিভাগের বিভিন্ন কার্যক্রম, শান্তিচুক্তি, ভূমি বিরোধ ও পর্যটন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানতে চাইলে সকল বিষয়ে তাদের ধারণা প্রদান ও অবগত করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা এবং সাবেক সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি।
সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ক্যাপস্টোন কোর্সে অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে বলেন, এই পশ্চাদপদ এলাকায় বসবাসরত মানুষের ভাগ্য উন্নয়নে সরকার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণাালয় ও পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়ন করছে। তিনি বলেন, সমতলের চাইতে এ পার্বত্য তিন জেলা শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন দিক দিয়ে এখনো অনেক পিছিয়ে রয়েছে। পার্বত্য জেলাকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠিত মতবিনিময়সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও পরিষদে হস্তান্তরিত বিভাগের বিভিন্ন কার্যক্রমগুলো প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ।
মতবিনিময় সভায় ন্যাশনাল ডিফেন্স কলেজ, বাংলাদেশের কমান্ড্যান্ট লেফট্যানেন্ট জেনারেল শেখ মামুন খালিদের নেতৃত্বে এই কোর্সের ৩৫জন সদস্যের মধ্যে বাংলাদেশ জাতীয় সংসদের ৭জন সদস্য, সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, সরকারের সচিব, সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা, সিনিয়র জজ, সিনিয়র ডাক্তার, চিফ ইঞ্জিনিয়ার, সিনিয়র পুলিশ অফিসার, ব্যবসায়িক ব্যক্তিত্ব, সিনিয়র সাংবাদিক এবং ডিপ্লোমেটরা অংশ নেন।
এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সাধন মনি চাকমা, পরিষদ সদস্য ত্রিদীব কান্তি দাশ, পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, পরিষদ সদস্য মনোয়ারা আরা জাহান, পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
