জিয়াউল জিয়া
সম্প্রতি কুমিল্লায় দুর্গামন্ডপে হনুমানের প্রতিমার পায়ের কাছে পবিত্র কোরআন রাখার ঘটনার প্রধান আসামি ইকবালকে রাঙামাটিতে দায়ের হওয়া একটি মামলায় শ্যেন এরেস্ট দেখিয়ে রাঙামাটির আদালতে হাজির করা হয়েছে।
মঙ্গলবার সকালে রাঙামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
পুলিশ জানায়, কুমিল্লার দুর্গামন্ডপে হনুমানের প্রতিমার পায়ে কোরআন রাখার ঘটনাকে কেন্দ্র করে রাঙামাটিতে এক যুবক ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেয়। ওই ঘটনায় রাঙামাটির কোতয়ালী থানায় ১৪ অক্টোবর ২০২১ তারিখ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। মামলায় ইসমাইল নামে স্থানীয় এক যুবককে গ্রেফতার করা হয়। ওই মামলায় ইকবালকে আসামি হিসেবে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাব উদ্দিনের আদালতে হাজির করা হয় ইকবালকে।
রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাহমুদা বেগম বিষয়টি নিশ্চত করে জানান, কুমিল্লা ঘটনায় পরিপ্রেক্ষিতে রাঙামাটিতে ইসমাইল নামে এক ব্যক্তি ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেয়। সেই মামলায় ইসমাইলকে গ্রেফতার করে রিমান্ডে নেয়া হয়েছিল এবং রিমান্ডে সে স্বীকার করেছে কুমিল্লার ঘটনা থেকে উৎসাহ হয়ে এই ঘটনা ঘটিয়েছে। যেহেতু ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হযেছে সেখানে ইকবালকে শ্যেন অ্যারেস্ট দেখানো হয়েছে।
