জিয়াউল জিয়া
রাঙামাটিতে কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে দুবাই প্রবাসী রুবায়েত রশিদ(২৬) নামে এক পর্যটক নিখোঁজের চার ঘণ্টা পর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুুরি দল। তাঁর বাড়ি চট্টগ্রামের কাট্টলী এলাকায়। শনিবার দুপুরে পর্যটন এলাকার দারোগা পাহাড় নামক এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার লিডার মো. বিল্লাল হোসেন জানান, দুপুর তিনটায় খবর পেয়ে দুইজন ডুবুরি দল চার ঘণ্টার চেষ্টায় রুবায়েত রশিদের মরদেহ উদ্ধার করে।
রুবায়েত রশিদের বন্ধু মো. সাজিদ জানায়, দুপুর একটার দিকে আমরা পাঁচজন মিলে হ্রদে ভ্রমণের উদ্দেশে পর্যটন বোট ঘাট থেকে বোট নিয়ে বের হই। দারোগা পাহাড় নামক স্থানের পরিবেশটা ভালো লাগায় সেখানে কিছুক্ষণ বসে সময় কাটাই। পরে রুবায়েত গোসল করতে নামতে চাইলে আমরা ও বোট চালক নিষেধ করার পরও সে সাঁতার কাটতে থাতে পরে এক পর্যায়ে হঠাৎ সে ডুবে যায়।
তিনি আরও জানায়, রুবায়েতর বাবা ও বড় ভাই দুবাই থাকে, সেও কয়েক মাস হলো এসেছে। কিছু দিন পর চলে যাওয়ার কথা ছিল। বন্ধের দিন থাকায় শুক্রবার বন্ধুরা মিলে বেড়াতে এসেছিলাম। আমাদের সবার বাড়ি চট্টগ্রামে।
পর্যটন ঘাট ইজারাদার মো. রমজান আলী জানান, দুপুরে আমাদের ঘাট থেকে বোট নিয়ে ভ্রমণে বের হয়। পরে তিনটার দিকে বোট চালক পর্যটক নিখোঁজের সংবাদ দিলে প্রশাসনকে বিষয়টি অবহিত করি। সন্ধ্যা প্রায় ছয়টার দিকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
রাঙামাটি কোতয়ালী থানার উপ-পরিদর্শক(এসআই) আশরাফ হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি, প্রায় চার ঘণ্টার চেষ্টায় নিখোঁজ পর্যটককে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস দল। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
