কাপ্তাইয়ের নেভী রোডস্থ কাপ্তাই-রাঙামাটি সড়কের ফরেস্ট ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার (এফডিটিসি) এর পরিচালকের বাংলোর বারান্দায় শুক্রবার(২৮ অক্টোবর) দিবাগত রাতে হাতির পায়ে পিষ্ট হয়ে মোঃ শিপন মিয়া (২২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। প্রজেক্ট পুলিশ ফাঁড়ি সুত্রে জানা গেছে, কাপ্তাই নতুন বাজার ঢাকাইয়া কলোনীর আলী আজগরের ছেলে মোঃ শিপন মিয়াকে (মানসিক ভারসাম্যহীন) শুক্রবার ভোরে এফডিটিসি’র বারান্দায় গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এসময় তার বুকে ও পিঠে অতিরিক্ত ছোপ ছোপ রক্ত দেখতে পাওয়া যায়। খবর পেয়ে কাপ্তাই ফাঁড়ির সাব-ইনচার্জ পিয্যোষ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়হতায় মরদেহ উদ্ধার করেন। উদ্ধারকারীরা জানায়,গভীর রাতে যেকোন সময় হাতি তার উপর আক্রমণ করে চলে যায়। কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটিতে আঘাতের চিহ্ন দেখে স্পষ্ট বুঝা যাচ্ছে, হাতির পায়ে পিষ্ট হয়েই তার বুকে ও পিঠে আঘাতপ্রাপ্ত হয়। উল্লেখ্য, ইদানিং কাপ্তাইয়ের নেভী রোড, ব্যাঙছড়ি, রাইখালীসহ উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় রাতেই বন্যহাতির দল হানা দিচ্ছে। ইতিমধ্যে হাতির আক্রমণে প্রাণহানীর ঘটনাসহ ব্যাপক ফসলের ক্ষতি সাধিত হয়েছে।
Previous Articleযুক্তি তর্কে ছোঁয়া অন্যরকম এক বিকেল
Next Article ইউপিডিএফ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ