কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নিমি চাকমার বিদায়, নবাগত উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার আচার্য্যকে বরণ অনুষ্ঠান রবিবার কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এছাডাও উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ জন প্রধান শিক্ষক এবং ২ জন সহকারী শিক্ষককে অবসরজনিত কারণে বিদায় সংবর্ধনা দেয়া হয়। কাপ্তাই উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ এই বিদায় সংবর্ধনার আয়োজন করে।
কাপ্তাই উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন। এইসময় বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিনয় চাকমা ও মো. রবিউল হোসেন, কাপ্তাই ইউ আর সির ইন্সট্রাক্টর গোলাম গফুর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক চিৎমরম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংসুইছাইন মার্মা।
বিদায় অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষক সমিতির কাপ্তাই উপজেলা শাখার সভাপতি ও রাইখালী জুমিয়া পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন চন্দ্র দাশ, বিএফআইডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফ মিয়া, নারানগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার মল্লিক বক্তব্য রাখেন।
