কাপ্তাই প্রতিনিধি
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে সোমবার বিকেলে। উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মুনতাসির জাহান এতে সভাপতিত্ব করেন। ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীন, কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরন্জিত তনচংগ্যা, হরিনছড়া ভাইজ্যাতলি মৌজার হেডম্যান থোয়াই অং মারমা।
এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী মাকসুদুর রহমান বাবুল। এসময় চচন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ছিদ্দিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া জানান, টুর্নামেন্টে ৮টি দল অংশ নিচ্ছে। প্রথমদিনে ২টি খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথম খেলায় বড়ইছড়ি তিবরীজি স্মৃতি সংঘকে ২-১ সেটে পরাজিত করে শিলছড়ি ঈগল স্পোর্টিং ক্লাব এবং দ্বিতীয় খেলায় শিলছড়ি দি রয়েল ক্লাবকে ২-০ সেটে পরাজিত করে কাপ্তাই প্রগতি সংসদ। খেলা পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল ও যুগ্ম সম্পাদক মাহাবুব হাসান বাবু। সহযোগী ছিলেন ক্রীড়া সংস্থার অর্থ সম্পাদক বিজয় মারমা, নির্বাহী সদস্য আব্দুল হাই খোকন, মংসুই চাইন চৌধুরী, মোশাররফ হোসেন এবং রাজীব আইচ।
