কাপ্তাই প্রতিনিধি ॥
‘মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাপ্তাই ফায়ার ডিফেন্স স্টেশনের আয়োজনে স্টেশন চত্বরে বৃহস্পতিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের চৌধুরীছড়ায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ইকবাল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। অনুষ্ঠানের শুরুতে প্যারেড গ্রাউন্ডে স্টেশন অফিসার ও ওয়্যার হাউজ পরিদর্শক মো. নুরুল করিমের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কন্টিনজেন্ট আগত অতিথিবৃন্দকে সালাম জানানোসহ প্যারেড গ্রাউন্ডে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন করা হয়। এসময় প্রধান অতিথি সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠান শেষে ফায়ার সার্ভিসের সদস্যদের তত্ত্বাবধানে সংক্ষিপ্ত অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল মান্নান আনসারীসহ অন্যান্য সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ফায়ার সার্ভিসের সপ্তাহটি বৃহস্পতিবার থেকে আগামী ৬ নভেম্বর পর্যন্ত চলবে।
