ঝুলন দত্ত, কাপ্তাই ॥
২০১৭ সালের ১৩ জুন। কাপ্তাইয়ে পাহাড়ধসের পাঁচ বছর পার হলেও এখনো কাপ্তাইয়ের অনেক জায়গায় ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে শত শত পরিবার। বিশেষ করে কাপ্তাই ইউনিয়নের ঢাকাইয়া কলোনিতে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে শত শত পরিবার। এইছাড়া ওয়াগ্গা ইউনিয়নের মুরালীপাড়া, রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া, তিনছড়ি, মিতিঙ্গাছড়ি সহ দূর্গম অনেক জায়গায় ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে অনেক পরিবার। বর্ষা মৌসুমে অতিবৃষ্টি হলে এদেরকে প্রশাসনের পক্ষ হতে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হলেও এই সব পরিবারগুলোকে স্থায়ীভাবে পুনর্বাসন না হওয়ায় আবারো বর্ষায় প্রাণহানির সম্ভাবনা রয়েছে।
কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ জানান, প্রতিবছর বর্ষা আসলে আমরা অজানা আতংকে থাকি, বিশেষ করে ইউনিয়নের ঢাকাইয়া কলোনিতে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে শত শত পরিবার। তিনি জানান, অতিবৃষ্টি হলে আমরা তাদেরকে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে নিয়ে এনে আশ্রয় দিই এবং তাদের খাবার পরিবেশন করে থাকি। কিন্তু এটা কোন স্থায়ী সমাধান না, তাই তিনি পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের স্থায়ীভাবে কোন নিরাপদ জায়গায় পুনর্বাসন করার জন্য সরকারের নিকট জোর দাবি জানান।
এই বিষয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান জানান, উপজেলা প্রশাসন সবসময় পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সতর্ক করে আসছে। অতিবৃষ্টি হলে আমরা এদেরকে নিকটস্থ স্কুলে আশ্রয়কেন্দ্রে যাবার জন্য অনুরোধ করছি, যাতে প্রাণহানি না ঘটে। তিনি জানান, আমরা সবসময় কাপ্তাই, রাইখালী এবং ওয়াগ্গা ইউনিয়নে প্রচার-প্রচারণা চালিয়ে আসছি যাতে ক্ষয়ক্ষতির আশঙ্কা না থাকে।
