কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন এলাকার চৌধুরীছড়া নিচের বাজার স্থানে অগ্নিকান্ডে একটি দোকান ও দুইটি বসতবাড়ি পুড়েছে। রবিবার দিবাগত রাত সাড়ে ৩ টার পর এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানান কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ।
চৌধুরীছড়া বাজারের ব্যবসায়ী হাফেজ মো. শাহাবুদ্দিনের চায়ের দোকান হতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানান কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার মো. শাহীন আলম।
অগ্নিকান্ডে হাফেজ মো. শাহাবুদ্দিনের চায়ের দোকানের মুদির মাল এবং আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এসময় দোকানের পাশে মো. শাহজাহান ও আবুল কালাম মুন্সির ঘর দুটিতে আগুন ছড়িয়ে পড়ে। পাকা দেয়াল ও টিন দ্বারা নির্মিত ঘরসহ ঘরের মালামাল পুড়ে যায়। প্রাথমিকভাবে দুইটি ঘর ও দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় সাড়ে চার লাখ টাকা বলে জানা যায়।
এদিকে অগ্নিকান্ডের সংবাদ পেয়ে তাৎক্ষণিক কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে এসে ভোর সাড়ে ৪ টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানান কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহীন আলম।
